এম এ রাশেদ চৌধুরী:—চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগের টিম নং-৩১-এর একটি বিশেষ অভিযানে একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তলসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
১৮ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের একটি আভিযানিক দল বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো কামারাবাদ মোড়স্থ “পপুলার মেডিকেল হল” ফার্মেসির সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট চলাকালীন চট্টগ্রাম-থ-১৪-৫০২৭ নম্বরের একটি যাত্রীবাহী ভাড়াকৃত সিএনজি অটোরিক্সা থামানো হয়। তল্লাশিকালে সিএনজিতে থাকা এক যাত্রী হঠাৎ নেমে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে উপস্থিত জনসম্মুখে দেহ তল্লাশির সময় আটক ব্যক্তির কোমর থেকে একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রটির গায়ে ইংরেজিতে “MADE IN U.S.A., 7.65” লেখা রয়েছে বলে জানানো হয়। তাৎক্ষণিকভাবে অস্ত্রটি জব্দ করে হেফাজতে নেয় পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাইফুল ইসলাম (৪৪)। তার পিতার নাম মৃত আলাউদ্দিন আহমেদ আলী আহমেদ এবং মাতার নাম মৃত ছেনোয়ারা বেগম। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর হেয়ার এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকায় বসবাস করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন যে, তিনি অস্ত্রটি নিজের দখলে রেখে সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় যাতায়াত করছিলেন এবং সুযোগমতো ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তিনি বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মোঃ সাইফুল ইসলাম (৪৪)-এর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চুরিসহ মোট ০৫টি নিয়মিত মামলা রয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
