মানবিক ইউএনও ইউসুফ হাসানের তৎপরতায় রাজস্থলীতে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

রূপান্তর বাংলা রাজস্থলী থেকে আব্দুর রাজ্জাক দুর্যোগে পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্বিতীয় দফায় ৫৬ পরিবার পেল সহায়তা।
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান।

তার নির্দেশনা ও তত্ত্বাবধানে মঙ্গলবার ১৫ জুলাই উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ১নং ঘিলাছড়ি ও ২নং গাইন্দ্যা ইউনিয়নের ৫৬টি বানভাসি পরিবারের মাঝে দ্বিতীয় দফায় জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও ইউসুফ হাসান নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দেন। তিনি প্রতিটি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সাহস যোগান।

ত্রাণের মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ভোজ্য তেল, চিড়া, আলু, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, সাবান, চিনি এবং ১টি করে লাইটার।

এসময় ইউএনও ইউসুফ হাসান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে একা ছাড়া হবে না। ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করছি। দুর্যোগকালীন এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, বন্যার শুরু থেকেই তিনি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

ইউএনওর এই দ্রুত তৎপরতায় সন্তুষ্ট স্থানীয়রা। ত্রাণ গ্রহণ করে অনেকেই বলেন, “দুর্যোগের সময় ইউএনও স্যার নিজে এসে পাশে দাঁড়ানোয় আমরা শক্তি পেয়েছি।”

বিতরণকালে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহকারী মো. গোফরান, স্থানীয় ইউপি সদস্য ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, উদয় কুমার তঞ্চঙ্গ্যা, ক্যাসাচিং মারমা মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।