রাঙ্গামাটি থেকে মোঃ শহীদ হোসেন—রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি এলাকার একটি অসহায় তনচংগ্যা পরিবার একের পর এক বিপর্যয়ে চরম মানবিক সংকটে পড়েছে।
জানা গেছে, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ইতিস তনচংগ্যা নিজেই বর্তমানে গুরুতর অসুস্থ। ডেঙ্গু জ্বরসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তিনি। তার পাকস্থলীতে পানি জমার সমস্যাও দেখা দিয়েছে। প্রথমে তিনি বড়ইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন, পরে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে তার স্ত্রী সান্তনা তনচংগ্যা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
এর আগে ইতিস তনচংগ্যার বাবা অনিল তনচংগ্যা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চট্টগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহামিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসা চলাকালীন পরিবারের সহায়-সম্পত্তি বিক্রি করে চিকিৎসার ব্যয় বহন করা হয়। শেষ পর্যন্ত ক্যান্সারের সাথে লড়াই করে মৃত্যুবরণ করেন তিনি।
বাবার শোক কাটিয়ে উঠার আগেই নিজের অসুস্থতা, স্ত্রীর প্যারালাইসিস, এবং দুই সন্তানের ভরণপোষণ — সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। বর্তমানে চিকিৎসা, ওষুধপত্র ও দৈনন্দিন খরচ বহন করার মতো সামর্থ্য তাদের নেই।
এমন পরিস্থিতিতে অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, সামাজিক ও মানবিক সংগঠন এবং দেশ-বিদেশের হৃদয়বান মানুষের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে।
একটি পরিবারে একের পর এক এমন বিপর্যয় সত্যিই বেদনাদায়ক। দুটি নিষ্পাপ সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
মানবিক সহযোগিতা পাঠানোর বিকাশ নম্বর: ০১৮৮৯৯৬৩১৫৩ (ইতিস তনচংগ্যা)
আপনার সামান্য সহযোগিতাও হতে পারে অসুস্থ মানুষগুলোর চিকিৎসার অবলম্বন এবং দুটি শিশুর ভবিষ্যৎ বাঁচানোর আশার আলো।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
