রূপান্তর বাংলা রাজস্থলী থেকে আব্দুর রাজ্জাক
আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আনসার, ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) উপজেলা সহকারী আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন মহাপরিচালকের পক্ষ থেকে উপজেলার শফিপুর, পাথরবন পাড়া ও ইসলামপুর এলাকার বিভিন্ন প্লাটুনের মোট ১৮৯ জন ভিডিপি সদস্যের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
ঈদকে সামনে রেখে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এই উপহার প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্লাটুনের প্লাটুন কমান্ডার (পিসি), সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি), ইউনিয়ন কমান্ডারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপহার বিতরণকালে উপজেলা সহকারী আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাঠপর্যায়ে কর্মরত ভিডিপি সদস্যদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির জন্যই মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ এবং সততার মনোভাব থাকতে হবে। ভবিষ্যতেও আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি।”
উপহার পেয়ে ভিডিপি সদস্যরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দেশের সেবায় আরও আন্তরিকতার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঈদ উপহার বিতরণ কর্মসূচি এলাকাবাসী ও সদস্যদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।–জেএসকেপি
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
