বাঞ্ছারামপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক-ব্রাহ্মণবাড়িয়া—  ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল ভক্ত-সমাগমের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬। বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রী শ্রী রাধামাধব মন্দির, নমঃশূদ্রপাড়া, বাঞ্ছারামপুর সদর থেকে ধর্মীয় আলোচনা ও বর্ণাঢ্য শুভযাত্রার মাধ্যমে রথযাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, ভজন-কীর্তন, বৈদিক সাংস্কৃতিক পরিবেশনা, গীতার শ্লোক আবৃত্তি, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। রথযাত্রাকে কেন্দ্র করে বাঞ্ছারামপুর সদরজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজন চন্দ্র সূত্রধর, সদস্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট (কেন্দ্রীয় কমিটি) এবং বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি ভক্তবৃন্দের সঙ্গে শুভযাত্রায় অংশগ্রহণ করেন এবং সার্বিক আয়োজনে সহযোগিতা করেন।

রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পক্ষ থেকে ওসি মহোদয়ের নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ শৃঙ্খলা রক্ষা ও ভক্তদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) বাঞ্ছারামপুর সদরের দাসপাড়া শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির থেকে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এতে সকল ধর্মপ্রাণ ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শ্রী শ্রী জগন্নাথদেবের ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ মহোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।