ছাগলনাইয়ায় ২ কেজি গাঁজা ও ৪৯ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩

এম এ রাশেদ চৌধুরী:-ফেনীর ছাগলনাইয়ায় অভিযান চালিয়ে দুই কেজি অবৈধ গাঁজা ও ৪৯ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় কথিত মাদক ব্যবসায়ী মোবারকসহ আরও কয়েকজন পালিয়ে যায়।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ছাগলনাইয়া থানাধীন দক্ষিণ মন্দিয়া গ্রামের মাদক ব্যবসায়ী মোবারকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই পংকজ, এসআই তানভীর, এএসআই দেলোয়ারসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। বাড়িতে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা ও ৪৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সময় শরিফ (২৫), ইমন (২০) ও নাসিমা (২২) নামে তিনজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, অভিযানের বিষয়টি টের পেয়ে কথিত মাদক ব্যবসায়ী মোবারকসহ আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।