মুক্তাগাছায় বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি;—ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক হয়ে পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সংগীত ও নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সাংসদ মোহাম্মদ জাকির হোসেন বাবলু। এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আক্তার লুনা, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বাংলা বর্ষের প্রথম দিনে সবাইকে শুভেচ্ছা-শুভ নববর্ষ জানিয়ে এমপি জাকির হোসেন বাবলু বলেন, নববর্ষ আমাদের সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী উৎসব, যা সকল ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত করে। তারই প্রেক্ষিতে আজ আমরা এখানে আনন্দে মিলিত হয়েছি। এই সুন্দর উচ্ছাসে আগামীতে যেন এই মুক্তাগাছা উজ্জীবিত থাকে এবং সকলের সাথে এক প্রাণে আগামী দিনগুলো আমরা যেন কাটাতে পারি। মুক্তাগাছাকে এগিয়ে নিতে পারি। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, অতিথি ও অংশগ্রহনকারীরা আয়োজিত বৈশাখী ভোজে সবাই অংশ নেন।