মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে কারাদণ্ড

আমতলী সংবাদদাতা রূপান্তর বাংলা—-বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে শাহিনূর বেগম নামে এক নারীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এজলাসে বসে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার সামারি ট্রায়াল পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে বাদী মোসা শাহিনূর বেগম দণ্ডবিধির ৩৪২ ৩২৩ ৪৬৫ ৪৬৭ ৪৬৮ ও ৫০৬ এর ২য় ভাগ ধারায় আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি আর মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন।

মামলার বিষয়ে বাদীর মৌখিক বক্তব্য ও তার দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালত বাদীর মানীত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। এতে সাক্ষীদের জবানবন্দির সঙ্গে বাদীর দেওয়া বক্তব্যে অসামঞ্জস্য পাওয়া যায়।

আদালতের পর্যবেক্ষণে বাদীর দায়ের করা মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হওয়ায় পেনাল কোডের ২১ ধারায় বাদী শাহিনূর বেগমকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বলেন আদালতের বিচারকার্যের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম বলেন মিথ্যা মামলা দায়ের করার অপরাধে মামলার বাদীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মিথ্যা মামলা দায়েরকারীদের জন্য এটি একটি কঠোর বার্তা।