কর্ণফুলীতে মানবতার শেষ আশ্রয় সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা—সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’-এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যারটেক ডিভাইন ইন্টিমেটস লিমিটেড সড়কে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দিন।

অভিযানকালে ইউএনও মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা একদিনের কাজ নয়। নিয়মিতভাবে আমরা আমাদের চারপাশ পরিষ্কার রাখলে বিভিন্ন ধরনের রোগ-বালাই থেকে বেঁচে থাকা সম্ভব। বর্তমানে ডেঙ্গুর যে প্রকোপ বেড়েছে, তার অন্যতম কারণ ময়লা-আবর্জনা, জমে থাকা পানি এবং সাধারণ মানুষের অসচেতনতা।”

তিনি ময়লা-আবর্জনা ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বিভিন্ন কলকারখানার মালিক ও ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ জানান। তিনি আরও বলেন, “এই গ্রামের বাসিন্দারাই এ এলাকার মালিক। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।”

এছাড়াও উপজেলার মইজ্জারটেক রাস্তার পূর্ব পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।

এ সময় আরও উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সুমন, দুরন্ত দুর্বারের সভাপতি লায়ন রমজান আলী রমু, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব নুর আলী, ফ্রেশ অ্যান্ড সেইফের স্বত্বাধিকারী আর এস নেজাম, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম, চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনির আহমদ, চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসিম আহমেদ।

এ ছাড়া সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজ, সদস্য মো. ইসমাইল, মোহাম্মদ মোজাম্মেল, মো. রুবেল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, আরিফ জাওয়াদ, মোহাম্মদ সালাউদ্দিন ও মো. আলী আজগরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।