ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত দুই

ময়মনসিংহ প্রতিনিধি:—ময়মনসিংহ নগরীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৭ বছর বয়সের এক শিশু।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর মুক্তাগাছা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার সোহাগ (২৮) ও সোনিয়া আক্তার (২৫)। আহত সাজিদ নিহতদের সোনিয়ার ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারী দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে সোনিয়া নামে এক নারীর মৃত্যু হয়। আহত অবস্খায় সোহাগ নামে এক পুরুষ ও সাজিদ (৭) নামে শিশুকে হাসপাতালে নিয়ে আসলে দুপুরের পরে চিকিৎসাধীন অবস্থায় পুরুষটি মারা মারা যায়। গুরুতর ৭ বছর বয়সী শিশুকে সাজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ফুলবাড়িয়া থেকে যাত্রীবাহি সিএনজি ময়মনসিংহের দিকে আসছিল। সিএনজিটি মুক্তাগাছার দিক থেকে বাইপাসে আসতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী সোনিয়া আক্তার মারা যায়। এতে সোনিয়ার ছেলে সাজিদ ও সোহাগ নামে আরও একজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে সোহাগ মারা যায়। অপরদিকে শিশু সাজিদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ট্রাক-সিএনজি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। অপর এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।