মুক্তাগাছায় যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় বাসার সামনে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা শহরের মধ্য হিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের বাবা আব্দুস সাত্তার জানান, বুধবার রাত ১০টার দিকে ফরহাদ বাসা থেকে বাইরে বের হয়। বাসার সামনে পৌঁছাতেই হঠাৎ অজ্ঞাত দুই দুর্বৃত্ত তার গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় দগ্ধ ফরহাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফরহাদ।
অজ্ঞাত দুর্বৃত্তরা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।