ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন, আতঙ্কে হুড়োহুড়িতে আহত কয়েকজন

ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি জিল্লুর রহমান মন্ডল- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডের লিফট এলাকায় এ আগুন লাগে। আগুনের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত নিচে নামার সময় হুড়োহুড়িতে কয়েকজন পড়ে গিয়ে আহত হন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। এর মধ্যে প্রাথমিকভাবে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে অন্যান্য ইউনিটও ঘটনাস্থলে পৌঁছে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া জমে যায়। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় কয়েকজন পড়ে গিয়ে আঘাত পান। তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চিকিৎসাসেবা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।