মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;—ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক বিক্রির প্রতিবাদ করায় এক গৃহবধূকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া এবং বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মাজেদা খাতুন (৫২) নামে এক নারী চারজনের নাম উল্লেখ করে মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন। গত ২৬ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে উপজেলার ২ নম্বর বড়গ্রাম ইউনিয়নের নরকোনা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন একই এলাকার শফিকুল ইসলাম (৩২), মো. সোহাগ (২৬), আব্দুল হাকিম (৬০) ও সাজ্জু মিয়া (৩৩)।
অভিযোগ সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ও মো. সোহাগ এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগকারীর দাবি। তাদের মাদক বিক্রির প্রতিবাদ করায় মাজেদা খাতুনের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন অভিযুক্তরা রামদা, লোহার রড, কাঠ ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে মাজেদা খাতুনের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে মাজেদা খাতুনের ছেলের স্ত্রী রাশিদা খাতুন (২৮)কে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। পরে মাজেদা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা এগিয়ে গেলে তাদেরও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মাজেদা খাতুনের অভিযোগ, হামলার সময় শফিকুল ইসলামের নির্দেশে আব্দুল হাকিম ও সাজ্জু মিয়া ঘরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যান। এ সময় ৪ আনি স্বর্ণের বলরি, ৩ ভরি রূপার চেইন ও ৪ ভরি রূপার নূপুরসহ আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত রাশিদা খাতুনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
