ডেস্ক রিপোর্ট, রূপান্তর বাংলা—বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। তবে বাড়তি বেতন একবারে নয়, তিন ধাপে পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কাঠামোতে বাড়তি মূল বেতনকে ভিত্তি ধরে ধাপে ধাপে পরিশোধ করা হবে। যা ৩০ জুন আহরিত বেতনের সঙ্গে যুক্ত হবে।
প্রথম ধাপ: চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত
এই সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ হারে পাবেন। আর ১০ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ হারে।
দ্বিতীয় ধাপ: ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত
এই সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।
তৃতীয় ধাপ: ২০২৭ সালের ১ জুলাই থেকে শতভাগ কার্যকর
২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। অর্থাৎ ওই সময় থেকে সরকারি চাকরিজীবীরা পুরো নতুন স্কেলে বেতন পাবেন।
বকেয়া ও ভাতা প্রসঙ্গে
যেহেতু নতুন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে, তাই মধ্যবর্তী সময়ের বকেয়া বেতনও পাবেন চাকরিজীবীরা। তবে নতুন বেতন কাঠামোর অন্য সব ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। পেনশন সুবিধাভোগীরাও একইভাবে নতুন কাঠামোর যাবতীয় সুবিধা পাবেন।
কার কত বাড়ছে
নতুন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। এর সঙ্গে আনুপাতিক হারে অন্যান্য ভাতাও বাড়বে।
এদিকে হিসাবরক্ষণ অফিস সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের বেতন পুরোনো স্কেলেই হবে। পে-ফিক্সেশন কার্যক্রম শেষে অক্টোবর মাসের বেতন নতুন স্কেলে দেওয়ার প্রস্তুতি চলছে। তখন জুলাই থেকে সেপ্টেম্বরের বকেয়াও একসঙ্গে পাবেন কর্মকর্তা-কর্মচারীরা। জেএসকেপি
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
