কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. রেজাউল করিম সানা (পিতা: গফুর আলী সানা) কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে রেজাউল করিম সানাসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়।
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা মামলায় ২ সেপ্টেম্বর কয়রা থানা-পুলিশ চারজনকে আটক করে। পরদিন ৩ সেপ্টেম্বর রেজাউল করিম সানাসহ সাতজন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ছয়জনের জামিন মঞ্জুর করলেও রেজাউল করিম সানার জামিন নামঞ্জুর করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
রেজাউল করিমের পরিবারের সদস্যদের অভিযোগ, সংঘর্ষের ঘটনায় পুলিশ যথাযথভাবে তদন্ত না করেই মামলার আসামিদের গ্রেপ্তার করেছে। তাঁদের দাবি, সংঘর্ষের ঘটনায় রেজাউল করিম নিজেও আহত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে কারাগারে থাকা অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
তবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, মামলার এজাহারে নাম থাকা আসামিদের আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার এজাহার ও প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এদিকে রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং কারাগারে থাকাকালীন চিকিৎসাসহ পুরো বিষয়টি যথাযথভাবে তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
