দীঘিনালা জোনের উদ্যোগে ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন মহিলা কাবাডি দলকে আর্থিক সহায়তা ও সংবর্ধনা

​বিশেষ প্রতিনিধি, দীঘিনালা–দীঘিনালা জোনের ধারাবাহিক সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে নয়মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের বিজয়ী মহিলা কাবাডি দলকে বিশেষ আর্থিক সহায়তা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
​আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং, দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় নয়মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধা ও নৈপুণ্যদীপ্ত মহিলা কাবাডি দলের হাতে নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা প্রদান করা হয়।
​উল্লেখ্য, উক্ত মহিলা কাবাডি দলটি সাম্প্রতিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ইতিমধ্যে উপজেলা এবং জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে। জেলা চ্যাম্পিয়ন হওয়ার পর দলটি এখন পরবর্তী ধাপে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামের মাঠে খেলায় অংশ নিতে যাচ্ছে। তাদের এই ধারাবাহিক সাফল্য ও বিভাগীয় পর্যায়ের প্রস্তুতিকে ত্বরান্বিত করতেই জোন সদরের পক্ষ থেকে এই উৎসাহব্যাঞ্জক অনুদান তুলে দেওয়া হয়।
​আর্থিক সহায়তা প্রদানকালে ভারপ্রাপ্ত জোন কমান্ডার মহোদয় বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের সাফল্য ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে দৃঢ় আশ্বাস দিয়ে বলেন, “পাহাড়ের শিক্ষার্থীদের ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে শারীরিক ও মানসিক বিকাশে দীঘিনালা জোন সর্বদা পাশে রয়েছে। শিক্ষার্থীদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে অদূর ভবিষ্যতেও দীঘিনালা জোনের পক্ষ থেকে এ ধরনের অনুপ্রেরণামূলক কার্যক্রম ও আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।”
​জোন কর্তৃপক্ষের এই ইতিবাচক উদ্যোগে নয়মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ত্রিপুরা পাড়ার বাসিন্দারা গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। স্থানীয়রা মনে করছেন, পার্বত্য অঞ্চলের প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চার বিকাশ ও জাতীয় পর্যায়ে পৌঁছাতে দীঘিনালা জোনের এই উদ্যোগ এক যুগান্তকারী ভূমিকা রাখবে।