কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ ডেঙ্গু রোগী ভর্তি

কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত—খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন রোগী ভর্তি রয়েছেন। একই সময়ে কয়েকজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ভর্তি থাকা রোগীরা হলেন—ঘুগরাকাঠি এলাকার সোনালী আক্তার (২০), কালিকাপুর গ্রামের শাহিনা আক্তার (২২), খেওয়া গ্রামের ইকবাল হোসেন (৩৫), তালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) এবং বমিয়ার গ্রামের রিয়াজ মোল্লা (২৩)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চিকিৎসাসেবাও দেওয়া হচ্ছে।

এদিকে, উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত পাঁচজন রোগী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকতে হবে।’