মুক্তাগাছায় জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মুক্তাগাছা প্রতিনিধি—ময়মনসিংহের মুক্তাগাছায় আদালতে মামলা চলমান থাকা একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. জুলহাস। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মুক্তাগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুলহাস এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে জুলহাস জানান, তাঁর বাবা মৃত কুরবান আলীর সঙ্গে চর আধপাখিয়া গ্রামের সাবেক বাসিন্দা সুধীর কপালি গংদের ১৯৬৪ সালে ভারতের কামরূপ জেলার নলবাড়ী থানায় জমি রেওয়াজ-বদল হয়। ওই সময় সুধীর কপালি গং ভারতে তাঁদের জমি দখলে নেন এবং তাঁদের পরিবার বাংলাদেশে মুক্তাগাছা উপজেলার চর আধপাখিয়া এলাকায় বিনিময় হওয়া জমি বুঝে নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে বলে দাবি করেন তিনি। জুলহাসের দাবি, পরবর্তীতে ১৯৮৫ সালের বিআরএস জরিপে ওই জমি তাঁদের নামে রেকর্ডভুক্ত হয়। এরপর থেকে তাঁরা শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। তবে ১৯৬৮ সালের একটি দলিলের সূত্র ধরে আহাম্মদ আলী নামের এক ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে মামলা করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন জুলহাস। আহাম্মদ আলী মারা যাওয়ার পর তাঁর ছেলে সেলিম উদ্দিনসহ চারজন ওই জমি নিয়ে ভূমি আপিল আদালতে মামলা করেন। ওই মামলায় বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন রায় হয়েছে বলে জানান তিনি। জুলহাস বলেন, ১৯৬৮ সালের কথিত দলিলকে জাল দাবি করে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা জজ আদালতে মামলা করেন। ওই মামলায় তাঁর পক্ষে রায় আসে। পরবর্তীতে সেলিম গং আপিল করেন, যা বর্তমানে চলমান রয়েছে বলে তিনি জানান। এ অবস্থায় মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় সেলিম গং ও তাঁদের লোকজন জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন জুলহাস। ইতোমধ্যে জমিতে সাইনবোর্ড টানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে জুলহাস বলেন, তাঁরা শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কোনো পক্ষ যেন জোরপূর্বক জমির দখল নিতে না পারে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় যাতে কেউ জোর করে জমি দখল করতে না পারে, সে জন্য আপনাদের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত সেলিম উদ্দিন গংয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে জুলহাস জমি নিয়ে চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
সিরাজুল হক সরকার
মুক্তাগাছা, ময়মনসিংহ।